২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরযাত্রায় ওসমান হাদি

তার চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।

সিঙ্গাপুরযাত্রায় ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গপুরের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 03:03 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

আততায়ীর হাতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।

সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেট শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রোববার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছিল, হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। 

রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে তা অবহিত করা হয়। পরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে আলোচনার পর সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার বলেছেন, তার বিদেশে চিকিৎসায় যতো অর্থই লাগুক, তা বহন করবে অর্থ মন্ত্রণালয়।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার বিকালে বলেছিল, সেদিনের সিটি স্ক্যানে দেখা গেছে, তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় বেড়েছে, যা ‘অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি’ নির্দেশ করে।

“ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। আজ রোগীর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান রয়েছে।”

হাদির সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ উল্লেখ করে মেডিকেল বোর্ড বলেছিল, রোগীর পরিবার অথবা পরিবারের মাধ্যমে সরকার যদি রোগীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড ‘সর্বাত্মক সহযোগিতা’র জন্য প্রস্তুত রয়েছে।

এরপর তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেট।

হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা