১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মব সহিংসতা’ রোধে পুলিশের আরো ভূমিকা চান প্রধানমন্ত্রী

“এবার সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, অনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 09:36 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

দেশে মব সহিংসতা বন্ধে পুলিশ সদস্যদের আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

“বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও স্বনির্ভর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।”

তিনি বলেন, “ঘরে-বাইরে জনমনে নিরাপত্তা ও স্বস্তি না থাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার।”

নিজের ফেইজবুকে পোস্ট করা বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। “

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।

রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কুচকাওয়াজের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে তিনি বলেন, “প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ হয়ে উঠুক জনগণের বিশ্বস্ত হয়ে ওঠার অঙ্গীকার পূরণের একটি মুহূর্ত।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি প্রয়োজনে ও সংকটে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

‘‘সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, একটি উপযোগী ও অনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম।”