বৃষ্টিমাথায় কেনাকাটার ধুম
অন্যান্য সময়েও রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়ায় ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতোই। তবে ঈদ এলে সেই চাপ বেড়ে যায় কয়েকগুণ, দামটাও থাকে খানিকটা বেশি।
শুক্রবার সেই ভিড়ই জানান দিচ্ছিল, ঈদের আর বেশি দিন নেই; ফুরিয়ে এসেছে সময়। তাই ব্যবসায়ীদেরও নেই দম ফেলার ফুসরত।
গত কয়েকদিনের বৃষ্টির কারণে বিক্রি-বাট্টায় যে মন্দা ছিল শুক্রবার ক্রেতাদের উপস্থিতিতে তা অনেকটা পুষিয়ে গেছে বলে একবাক্যেই স্বীকার করলেন বিক্রেতারাও।
তারা জানিয়েছেন, সকালে বৃষ্টির কারণে ক্রেতা কম থাকলেও দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে।
এর মধ্যে নারী ও তরুণীদের হাল ফ্যাশনের পোশাকের জন্য খ্যাত গাউছিয়া মার্কেটে ছিল উপচে পড়া ভিড়। শাড়ি ও গহনা ও দর্জির দোকানগুলোতে ঢোকার কোনো জো ছিল না।
বিক্রেতারা জানান, গাউছিয়া মার্কেটে ভারতীয় বিভিন্ন থ্রিপিসগুলো বিক্রি হচ্ছে বেশি। কীরণমালা, পাখি, পাকিস্তানি লন, কারিজমা, ভিপুল, বিশালের থিপিসগুলোর চাহিদা এবার বেশ।
নূর ম্যানশন তৃতীয় তলার অঞ্জলী টেইলার্সের মালিক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে জামা তৈরির কোনো নতুন অর্ডার নেওয়া হচ্ছে না। আগে যেগুলো অর্ডার নেওয়া হয়েছিল তা সরবরাহ করা হচ্ছে।
পুরুষ-তরুণ ও শিশুদের পোশাকের জন্য খ্যাত এলিফ্যান্ট রোড এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো ছিল ক্রেতাদের দখলে। জুতার মার্টেক চৌরঙ্গী মার্কেটেও বেচা-বিক্রি ভাল বলে জানান বিক্রেতারা।
আফজাল হোসেন নামে এক ক্রেতা বলেন, ছেলে-মেয়েদের জুতা কেনার জন্যই চৌরঙ্গী মার্কেটে আসা। তাছাড়া এ মার্কেটের আশপাশে প্রচুর জুতার দোকান থাকায় দেখে শুনে কেনার সুযোগটা বেশি থাকে।
দাম তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ করলেন আরেক ক্রেতা শাহনাজ আরা। তিনি বলেন, “দরদামে বেশি সময় নষ্ট হচ্ছে।”
নিউ মার্কেটে বিভিন্ন দোকানে বেশ চাহিদা দেখা গেছে পালাজো, লেগিংস আর বাচ্চাদের জামা-কাপড়ের।
বদরুদ্দোজা মার্কেট ও নুরহাজান মার্কেটসহ ঢাকা কলেজের বিপরীতের মার্কেটগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি ছিল বৃষ্টিভেজা দিনে।
নিউ মার্কেটের পাশাপাশি ধানমণ্ডি, পান্থপথ ও সায়েন্সল্যাবের দোকানগুলোর চিত্রও ছিল প্রায় একইরকম।
নিত্যনতুন নজরকাড়া শাড়ির জন্য সুখ্যাতি পাওয়া ধানমণ্ডি হকার্স মার্কেটের ‘লামিয়া কাতান’ নামে একটি শাড়ির দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, তাদের বিক্রি বেশ ভাল। কাঞ্জিপুরান, চেন্নাই কাতান, রাধিকা কাতান, রাজগুরু কাতান ও তসরের চাহিদাই এবার বেশি।
কেনাকাটা করতে এই মার্কেটে আসা আফরোজা সুলতানা জানান, গত শুক্রবারের তুলনায় আজ শাড়িপ্রতি দাম এক থেকে দেড় হাজার বেড়েছে। এর সাথে সাথে দরাদরিও বেড়েছে।
আর রাপা প্লাজায় কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আবুল কালাম আজাদ বললেন, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন তিনি।
“এবার একটু আগেভাগেই পাবনায় গ্রামের বাড়িতে যাওয়ার চিন্তা আছে। তাই আজকে ছুটির অবসরে ওদেরকে নিয়ে আসলাম। নিজস্ব গাড়ি থাকায় বৃষ্টিতে তেমন সমস্যায় পড়তে হয়নি।”
সায়েন্স ল্যাবরেটরিতে নতুন করে চালু করা আড়ংয়ের বিক্রয়কর্মী সবুজ জানান, গত ১৭ জুন উদ্বোধনের পর থেকেই তাদের শোরুমে ক্রেতা-দর্শনার্থীরা আসছেন। অবশ্য আজকের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি।
তবে হ্যাপি আর্কিড প্লাজার দোকানি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের এই মার্কেটে ঈদের প্রভাব কমই পড়ে। সারা বছর যেমন কেনাবেচা হয় ঈদের সময় একটু এদিক-সেদিক। লোকজন আধুনিক শপিংমলগুলোতেই ঘুরতে পছন্দ করে।
একই মার্কেটের ফ্যাশন হাউস তাঝুশির ব্যবস্থাপক মাফরুহা জানান, অন্যান্য ঈদের তুলনায় চলতি ঈদে তাদের বেচাকেনা অনেক নগন্য। গত বছর রাজনৈতিক অস্থিরতা শুরুর পর বিক্রিতে যে ভাটা পড়েছে তার প্রভাব এখনও যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থিত আড়ংয়ের শোরুম থেকে নিজের ছেলে জন্য পাঞ্জাবি ও নিজের জন্য জুতা কিনেছেন নিকেতনের বাসিন্দা সোহেল হামিদ। বেচাকেনা কম হচ্ছে বলে বিক্রেতারা যে অভিযোগ করছে তার সঙ্গে মোটেও একমত নন তিনি।
“মানুষ কেনাকাটা করতে তো দোকানগুলোতে আসতেই হবে। আগে কেনাকাটা বেশি হলে এখন কম হওয়ার কোনো কারণ তো দেখছি না। রোজার প্রথম ২০ দিনে বিক্রি কম হয়ে থাকলে শেষের দিকে অবশ্যই বাজার জমে উঠবে।
উত্তরায় বেচাকেনা মন্দা
ঢাকার দক্ষিণের বিপণিবিতান আর দোকানগুলোতে বেচাকেনার যে ধুম তার অনেকটাই অনুপস্থিত উত্তরে।
উত্তরার আমীর কমপ্লেক্সের পাইকারি ব্যবসায়ী নুরুল আমিন যেমন বলেলেন, ঈদবাজার জমে উঠেছে। গত সপ্তাহগুলোর তুলনায় বেচাকেনাও অনেক বেড়েছে। তবে গত বছরের চেয়ে তুলনামূলক বেচাবিক্রি কম।
আলাউদ্দিন টাওয়ারের দোকানি মো. হোসেন বলেন, মানুষের হাতে বেতন-বোনাস আসার পর মূলত কেনাবেচা শুরু হয়েছে।
দুপুরের পর উত্তরা এইচএম প্লাজায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে দোকানিদের।
এই মার্কেটের দোকানি নুরে আলম অবশ্য মনে করেন, মার্কেটে ভিড়ের তুলনায় বেচাবিক্রি কমই। বৃষ্টির কারণে আটকে পড়ে অনেকে দোকানে দোকানে ঘুরছে, কিন্তু কিছু কিনছে না।
এই মার্কেটে আসা দক্ষিণের খানের বাসিন্দা পারভীন আক্তার বলেন, উত্তরখান ও দক্ষিণ খান থেকে আসার রাস্তার খুবই খারাপ অবস্থা। আসতে যেতেই অবস্থা খারাপ। তার উপরে বৃষ্টি। এর মাঝেই শপিং করতে এসেছি। শপিংতো করতেই হবে।
পারভীনের সঙ্গে সঙ্গে আসা তার ননদ আয়েশা খাতুন বলেন, “রাস্তাঘাট ঠিক থাকলে একদিনের জায়গায় তিনদিন আসতে পারতাম। মন ভরে শপিং করতে পারতাম। এখন যতটুকু না হলে নয়, ততটুকুই করছি।”
বেলি কমপ্লেক্সের দোকানি মশিউর রহমান বলেন, রোজার প্রথম দিকে কেনাবেচা ভালো ছিলো না। এখন বেচাকেনা ভালোই চলছে। অর্ধেক রোজার পর পরিস্থিতির উন্নতি হয়।
উত্তরার রাজলক্ষ্মী, মিগার প্লাজা, পলওয়েল মার্কেট ও কুশল সেন্টার প্রভৃতি মার্কেটেও বেশ ভিড় দেখা গেছে।
