২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলার অপহৃত এক ব্যবসায়ীকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 06:05 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

উদ্ধার আব্দুল জলিল (৪৮) রৌমারী উপজেলার কোত্তিমারী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের আবু নাইম মো. সারোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কোমরপুর গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে আবু নাইম মো. সারোয়ার হোসেন (৩৫), তার স্ত্রী শাহানা বেগম (৩০) ও একই ইউনিয়নের ঠেংগারজানি গ্রামের কছির উদ্দিনের ছেলে খোকন মিয়া (৩০)।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি শামীম হাসান সরদার জানান, লিচু বিক্রির জন্য আব্দুল জলিল সোমবার গাইবান্ধা শহরে আসেন। সারোয়ার হোসেন ও খোকন মিয়া ওই দিন সন্ধ্যায় শহরের বিডি রোড এলাকা থেকে তাকে কৌশলে বাড়িতে নিয়ে হাত-পা-মুখ বেঁধে আটকে রাখেন।

এরপর আব্দুল জলিলের বাড়িতে মোবাইল ফোনে সারোয়ার হোসেন পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে জলিলকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।