২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুলের ‘টেবিল ঘড়ি’, লটারিতে হেরে ‘বাস’ তাবিথের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পছন্দের প্রতীক টেবিল ঘড়ি পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 10:37 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

তার সঙ্গে লটারিতে হেরে পছন্দের প্রতীক বঞ্চিত বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বেছে নিয়েছেন বাস প্রতীক।

শুক্রবার সকালে আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম প্রতীক বরাদ্দ দেন।

শুরুতেই মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দে টেবিল ঘড়ি দুজনের পছন্দে থাকায় লটারির আয়োজন করেন তিনি।

লটারিতে হেরে মেয়র পদের জন্য সংরক্ষিত ১২ প্রতীকের মধ্যে বাস বেছে নেন তাবিথ আউয়াল।

প্রতীক বরাদ্দের সময় তাবিথ নিজে উপস্থিত থাকলেও আনিসুল হকের প্রতিনিধি ছিলেন ইকবাল চৌধুরী নামের একজন।

Image
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এই সিটি করপোরেশনে মেয়র পদে পছন্দের প্রতীক হাতি পেয়েছেন সিপিবির আব্দুল্লাহ আল ক্কাফি রতন। বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলামও প্রতীক হিসেবে হাতি চাওয়ায় লটারিতে গিয়ে উতরে যান রতন।

পরে সংরক্ষিত প্রতীকের মধ্য থেকে ক্রিকেট ব্যাট বেছে নেন কামরুল।

Image
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এই সিটিতে জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল চরকা, বিকল্পধারার মাহী বি চৌধুরী ঈগল ও জাসদের নাদের চৌধুরী ময়ূর, গণসংহতির মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি টেলিস্কোপ প্রতীক নিয়ে ভোটে লড়বেন।

এই চারজনের সঙ্গে স্বদেশ পার্টির কাজী মো. শহীদুল্লাহ ও নির্দলীয় শেখ মো. ফজলে বারী মাসউদ প্রতীক হিসেবে ইলিশ মাছ চেয়েছিলেন।

ছয় প্রার্থীর পছন্দে ইলিশ মাছ থাকায় রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন,“পহেলা বৈশাখের আগে দেখছি ইলিশের খুব ডিমান্ড। লটারিতেই প্রতীক বণ্টন করতে হবে।”

Image
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লটারিতে শহীদুল্লাহ পছন্দের প্রতীক পেয়ে যান। অন্যরা সংরক্ষিত প্রতীকগুলো থেকে যে যার প্রতীক বেছে নেন। মাসউদ কমলা লেবু প্রতীক নিয়ে এই সিটিতে ভোট করবেন।

ঢাকা উত্তরে এবার ১৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

অন্যদের মধ্যে মো. শামছুল আলম চৌধুরী চিতাবাঘ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ফ্লাক্স, চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী লাউ, মো. আনিসুজ্জামান খোকন ডিস এন্টেনা, মো. জামান ভূঞা টেবিল ও শেখ শহিদুজ্জামান দিয়াশলাই প্রতীক পেয়েছেন।

প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই ছোট ছোট মিছিল করে ও হ্যান্ডমাইকে ভোট চান তাদের কেউ কেউ।

আগামী ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামের সঙ্গে এই সিটি করপোরেশনে ভোট হবে।