রোকেয়ায় ভর্তি পরীক্ষা ৫-৬ মে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ফের পেছানো হলো।
পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৫ ও ৬ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি জানান, মঙ্গলবার উপাচার্য ড. এ কে এম নূর উন নবীর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মোর্শেদ উল আলম জানান, আগামী ৫ মে সকাল সাড়ে ৯টায় এ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় বি ইউনিট ও বিকাল সাড়ে ৩টায় সি ইউনিট এবং ৬ মে সকাল সাড়ে ৯টায় ডি ইউনিট, দুপুর সাড়ে ১২টায় ই ইউনিট ও বিকাল সাড়ে ৩টায় এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৩ মে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা আগামী ২০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.brur.ac.bd/www.admission2014.brur.ac.bd) থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলেও জানান তিনি।
এবছর ৬টি ইউনিটের অধীনে ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগে ১ হাজার ২৩০টি আসনের বিপরীতে ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে জানান রেজিস্ট্রার মোর্শেদ উল আলম।
প্রথম দফায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল গত বছরের ৪ থেকে ৬ ডিসেম্বর।
উপাচার্যের অপসারণসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ ৩১টি প্রশাসনিক ও একাডেমিক পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করায় ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
