বজ্রপাত: চট্টগ্রামে দুই জেলের পর এক কৃষক নিহত
চট্টগ্রাম নগরীতে বজ্রপাতে দুই জেলে নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বোয়ালখালী উপজেলায় নিহত হয়েছেন এক কৃষক।
সোমবার দুপুরে উপজেলার মধ্যম চরণদ্বীপ এলাকায় আবদুল হালিম (৪২) নামে ওই কৃষক মারা যান বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি মধ্যম চরণদ্বীপ মাওলানা ইছহাক আনছারি বাড়ির বাসিন্দা।
চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে বাড়ির পাশে ডাল ক্ষেতে কাজ করার বজ্রপাতে মারা যায় হালিম।”
এর আগে সকালে নগরীর ফিশারী ঘাট এলাকায় বজ্রপাতে মো. কবির হোসেন ও মো. মফিজ উদ্দিন নামে দুই জেলে নিহত হন। আহত হন আরও দুজন।
কোতোয়ালি থানার এসআই মো. একরাম উল্লাহ জানান, ফিশারি ঘাটে হতাহতরা ‘জিয়া ভাণ্ডারি’ নামে একটি ফিশিং ট্রলারের মাঝি-মাল্লা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নদীর পাড়ে অস্থায়ী তাঁবু তৈরি করে মাছ ধরার জাল সেলাই করছিলেন কয়েকজন মাঝি-মাল্লা। তখন বজ্রপাতে চারজন হতাহত হয়।
