২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন

লক্ষ্মীপুরের এক যুবদল নেতার লাশ পাওয়া গেছে, যাকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

নিহত ইসরাফিল আলম (৩০) সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং একই ইউনিয়নের কাশিপুর গ্রামের মকবুল আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই বাজার এলাকায় রাস্তার পাশে তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের।

নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার রাত ৮টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত লক্ষ্মীপুরের কাশিপুর গ্রামে ইসরাফিলকে গুলি চালিয়ে অপহরণ করে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ূন কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাশিপুর গ্রামের জনৈক বুদ হাজি বাড়ির সামনে দুর্বৃত্তদের ছররা গুলিতে ইসরাফিলের সঙ্গে মো. সোহাগ নামে আরও এক যুবক আহত হন।

“রাতে গুলিবিদ্ধ সোহাগকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও ইসরাফিলের কোনো খোঁজ পাওয়া যায়নি। মুখোশধারীরা আহত অবস্থায় তাকে তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছিল।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসাধীন সোহাগ ও তার বড় ভাই জামাল উদ্দিনকে সদর থানা পুলিশ আটক করেছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা হুমায়ূন।