ঝালকাঠীতে নাশকতায় পুড়ল ভূমি অফিস
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে ঝালকাঠী সদর উপজেলায় একটি ইউনিয়ন ভূমি অফিসে দেওয়া আগুনে অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে।
ঝালকাঠী পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
ঝালকাঠীর সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ইউনিয়নের মোট ১৪টি মৌজার অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। এছাড়া টিনের ছাউনি দেওয়া কার্যালয়ের আসবাবপত্র ও দরজা জানালা সম্পূর্ণ পুড়ে গেছে।
গত দুই মাসের বেশি সময় ধরে বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে একই কায়দায় বিভিন্ন স্থানে ভূমি অফিসে নাশকতা চালানো হয়েছে। এরমধ্যে কয়েকটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের গ্রেপ্তারও করেছে পুলিশ।
গত ৪ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস ও তার আগে ২৬ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া উপজেলায় রাধানগর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এতে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য মালামাল পুড়ে ব্যপক ক্ষতি হয়।
ফেনীর নাশকতায় জড়িত সন্দেহে পুলিশ রাধানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হক মাবুকে আটকও করে।
