২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ দারোগ আলীকে কেউ স্মরণ করে না

আইয়ুব বিরোধী আন্দোলনে শহীদ হওয়া শেরপুরের স্কুলছাত্র দারোগ আলীকে এখন আর কেউ স্মরণ করে না। প্রতিবছর তার মৃত্যুদিবস পার হয়ে যায় কোনো অনুষ্ঠান ছাড়া। কেউ তার কবরে ফুল দিতেও যায় না।

শেরপুর প্রতিনিধি

আব্দুর রহিম বাদল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:43 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

১৯৬৯ সালের ৮ মার্চ স্বৈরচারী আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নিহত হন শেরপুর জিকে স্কুলের দশম শ্রেণির ছাত্র দারোগ আলী।

তার নামানুসারে শেরপুর পৌর পার্কের নাম শহীদ দারোগ আলী পৌর পার্ক নামাকরণের ঘোষণা দেয় তৎকালীন আন্দোলনরত ছাত্র সমাজ।

সেই সময়ে আন্দোলনকারীদের অন্যতম গুলিবিদ্ধ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঊনসত্তরের মার্চ মাসে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে।

আন্দোলনে সংহতি জানিয়ে বলাইর চর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন প্যারী পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে ৮ মার্চ বেলা ১১টা/১২টার দিকে তৎকালীন ছাত্রদের একটি মিছিল চেয়ারম্যান জসিম উদ্দিন প্যারীর কুমড়ারচরের বাড়ির সামনে গিয়ে তাকে পদত্যাগের আহবান জানায়। ওই মিছিলে দারোগ আলীও ছিলেন।

ওই সময় চেয়ারম্যানের বাড়ি থেকে তার ছেলে মিজানুর রহমান আঙ্গুর মিছিলকারীদের উপর গুলি চালালে বুকে গুলিবিদ্ধ হয়ে দারোগ আলী ঘটনাস্থলে মারা যান এবং আহত হন আরও তিন জন। 

নুরুল ইসলাম জানান, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িঘর জ্বালিয়ে দেয়। তারা পিতাপুত্র সেদিন পালিয়ে আত্মরক্ষা করে।

শেরপুর পৌর পার্কে এবং জঙ্গলদি নয়াপাড়া গ্রামে বিশাল জানাজা শেষে শহীদ দারোগ আলীর লাশ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। 

নুরুল ইসলাম আরও জানান, উত্তাল সেই মুহূর্তে শেরপুর পৌর পার্কের নাম বদলিয়ে শহীদ দারোগ আলী পৌর পার্ক নামাকরণের ঘোষণা দেয় তৎকালীন আন্দোলনরত ছাত্র সমাজ।

শহীদ দারোগ আলী পৌর পার্ক আজও নীরবে তার স্মৃতি বহন করে চলেছে।

শহীদ দারোগ আলীর ভাতিজা আব্দুল জলিল, বলাইর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সেলিম ও ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, ছাত্রনেতা দারোগ আলী শহীদ হওয়ার পর ৪৬ বছর চলে গেছে। দারোগ আলীর পরিবারের খোঁজখবর নেয়নি রাখে না।

তারা জানান, শহীদ দারোগ আলীর মৃত্যুবার্ষিকী আসে আর যায়, কিন্তু কোনো নেতাকর্মী তার কবরে ফুল দিতেও আসে না।

তারা সরকারিভাবে দিবসটি পালনের দাবি জানান। 

তারা আরও জানান, যার গুলিতে দারোগ আলী নিহত হয়েছেন সেই মিজানুর রহমান আঙ্গুর এখনও বেঁচে আছেন। শেরপুর শহরেই তিনি বসবাস করছেন।

কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজও নেওয়া হয়নি। দারোগ আলীর মৃত্যুর ৪৬ বছর পর আঙ্গুরের বিচার দাবি করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে মিজানুর রহমান আঙ্গুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।