২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

যশোর শহরে দিনেদুপুরে ছুরিকাঘাতে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, বুধবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লোকনাথ দে (১৯) শহরের বেজপাড়া পূজার মাঠ এলাকার কানাইলাল দের ছেলে। তিনি ডা. আবদুর রাজ্জাক কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আহত ওয়ালিউজ্জামান লিমু (১৮) শহরের বকচর হুশতলা এলাকার গোলাম মওলার ছেলে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসি জানান, লোকনাথের সঙ্গে অনিক নামে এক যুবকের মঙ্গলবার কথা কাটাকাটি হয়। দুপুরে অনিককে পেয়ে জাপটে ধরে লোকনাথ। তখন অনিকের বন্ধু অনি তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। ঠেকাতে আসলে লোকনাথের বন্ধু লিমুকেও ছুরিকাঘাত করে তারা।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বেলা ২টার সময় লোকনাথের মৃত্যু হয়।

আহত লিমুর অবস্থা আশঙ্কাজনক। তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের শৈল্য চিকিৎসক মনিরুজ্জামান লর্ড।