বিজয়ী ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ‘ধারাবাহিকতা অব্যাহত’ রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
“ তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।”
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসরের প্রথম খেলায় নবাগত আফগানদের হেসে খেলেই হারিয়েছে বাংলাদেশ।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে ২৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪২ ওভার ৫ বলে ১৬২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
