সাতকানিয়ায় পেট্রোল বোমাসহ ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় পেট্রোল বোমাসহ জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার বারঘোনা ও বাড়িঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. ওসমান, নুরুল আমিন ও শহীদুল ইসলাম শাহীন। তাদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে।
সাতকানিয়া থানার এসআই মো. নাসির উদ্দিন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বারঘোনা ডাইমার পাড়া থেকে ওসমান ও নুরুল আমিনকে দুটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এওচিয়া বাড়িঘাটা থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হয়।
এসআই নাসির বলেন, গ্রেপ্তার তিনজনই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
এদিকে মঙ্গলবার রাতে সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে ওসি খালেদ হোসেন জানান।
