নাটোরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আটরশির উরস থেকে ফেরা তিন মুসল্লি নিহত হয়েছেন, আহত হন আট জন।
বুধবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা ফরিদপুরের আটরশির উরস থেকে পিকআপ ভ্যানে রংপুরে নিজ নিজ বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঝলমলিয়া মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল আলম জানান, আটরশি পীরের ওরশ শেষে মুসল্লিদের নিয়ে একটি পিকআপ ভ্যান রংপুরে ফিরছিলে।
বেলা সাড়ে ১২টার দিকে পিকআপ ভ্যানটি গলাকাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ১১ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয় বলে জানান এসআই সামিউল।
হতাহতদের মধ্যে রয়েছেন রংপুরের হেলাল হোসেন (৪০), অজ্ঞাত পরিচয় একজন (৪৫), রিয়াজুল ইসলাম (৩০), হাফিজুল ইসলাম (২৭), মাসুম হোসেন (৩০), মোবারক হোসেন (৫০), আহসান হাবীব ((৩০), আরিফ হোসেন (২৪), আনারুল ইসলাম (৩৪) এবং নীলফামারীর সাদ্দাম হোসেন (২৫) ও নাজমুল হোসেন (৩০)।
এদের মধ্যে কোন তিনজন মারা গেছেন তা চিহ্নিত করা যায়নি বলে জানান এসআই সামিউল।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
