২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৩টি মার্কেটে অগ্নিকাণ্ড

নীলফামারীর ডিমলায় একটি বাজারে তিনটি মার্কেটের ৪৫টি দোকান পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 04:27 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বুধবার ভোরে উপজেলার বাবুরহাট বাজারে গণি মিয়া মার্কেট, দবির মার্কেট ও এস আর বি মার্কেটে ওই অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

গণি মার্কেটের মালিক আব্দুল গফুর সরকার বলেন, ভোর ৬টার দিকে গণি মিয়া মার্কেটের আরএফএল প্লাস্টিক ফার্নিচার পরিবেশক সোহাগ হোসেনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়। এরপর তা চারদিকে ছড়িয়ে পড়ে।

গণি মার্কেটর আটটি দোকানসহ পাশের দবির মার্কেট ও এসআরবি মার্কেটের মোট ৪৫টি দোকান, দোকানে থাকা মালামাল এবং নগদ টাকা পুড়ে যায়।

খবর পেয়ে ডিমলা, ডোমার ও নীলফামারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, গণি মার্কেটসহ পাশের দবির মার্কেট ও এস আর বি মার্কেটের মোট ২২টি দোকান ও দোকানে থাকা মালামালসহ কয়েকলক্ষ নগদ টাকা পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বলেন এই দমকল কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের তথ্য সঠিক নয় দাবি করে দবির মার্কেটের পাইকারী কাপড় ব্যবসায়ী মাসুদ রানা, নজরুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, তিন মার্কেটে শতাধিক দোকান রয়েছে। এর মধ্যে ৪৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।

এর মধ্যে এক একটি কাপড়ের দোকানে দেড় থেকে দুই কোটি টাকার মালামাল ছিল উল্লেখ করে তারা দাবি করেন, অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।