শিশুকে চাপা দিয়ে নসিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৭
পাবনায় এক শিশুকে চাপা দেওয়ার পর পালানোর সময় যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিয়েছে এক ট্রাক, যাতে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালের দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমিনপুর থানার ওসি জসিমউদ্দিন জানান, সকালে বিরাইমপুরে মহাসড়ক দিয়ে স্থানীয় একটি কেজি স্কুলের ছাত্রী বন্যা হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া করে।
ধরা পড়ার ভয়ে ট্রাকচালক দ্রুত পালানোর চেষ্টা করলে কাশীনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে ধাক্কা দেয় ট্রাকটি।
এতে ঘটনাস্থলেই নসিমনের তিন আরোহী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিনজন।
নিহত নসিমন আরোহীরা হলেন- সুজানগর উপজেলার আহম্মদপুর দক্ষিণচর গ্রামের টুটুল হোসেন রানা (১৩), তার মা চামপা খাতুন (৪০), চাচা আব্দুল মতিন মীর (৫০), একই গ্রামের আহসান মোহরী (৫০), কাশীনাথপুর মহিলা কলেজের ছাত্রী রুনা খাতুন (১৮) ও বন্যা খাতুন (১৯)।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন আমিনপুর থানার পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন।
