রাশিয়ায় হবে ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’
বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে রাশিয়ায় ‘বাংলাদেশ সংস্কৃতি দিবসের’ আয়োজন করবে সরকার।
আগামী সেপ্টেম্বরে রাশিয়ার রাশিয়ার মস্কো ও কাজান শহরে এই দিবসে বাংলাদেশি সঙ্গীত, নাচ ও শিল্পকর্মসহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
রোববার সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
২০১৩ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৪ সালে ঢাকায় ‘রাশিয়ান সংস্কৃতি দিবস’ এবং ২০১৫ সালে রাশিয়ায় ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’ আয়োজনের সিদ্ধান্ত হয়।
গত বছরের ২০-২৫ নভেম্বর রাশিয়ার ৫১ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে ঢাকা ও চট্টগ্রামে তাদের পরিবেশনা উপস্থাপন করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, রাশিয়ায়ও ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’ আয়োজন করবে।
সভায় সংস্কৃতিমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। দেশটির সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
“সে সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চলমান রয়েছে।”
ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকলায়েভ (Alexander A Nikolaev) বলেন, সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাংলাদেশে অনুষ্ঠিত ‘রাশিয়ান সংস্কৃতি দিবসের’ মাধ্যমে রাশিয়ার সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রত্মতত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
