২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে অপহরণ, আটক ২

রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‌্যাব পরিচয়ে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 04:09 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

কাটাখালি পৌর এলাকার হাজরাপুকুর মাঠ থেকে বৃহস্পতিবার রাতে এ দুজনকে গ্রেপ্তার এবং অপহৃত মাহাবুবকে উদ্ধার করা হয়।

মাহাবুবুল হক মাহাবুব (৩৫) দুর্গাপুর উপজেলার শাহবাজপুর গ্রামের শামসুল হকের ছেলে।

গ্রেপ্তাররা হলেন নগরীর মতিহার থানার ধরমপুরের শিমুল ইসলাম ও মির্জাপুরের সালাউদ্দিন। তাদের কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করা হয়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ বলেন, বৃহস্পতিবার দেড়টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর থেকে শিমুল ও সালাউদ্দিন র‌্যাব সদস্য পরিচয় দিয়ে হাতকড়া লাগিয়ে মাহাবুবকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

পরে তাকে হাজরাপুর মাঠের আখ ক্ষেতে আটকে রেখে তার পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মাহবুবের পরিবারের সদস্যরা বিষয়টি পুঠিয়া থানা পুলিশকে জানায়।

পরিদর্শক হাফিজ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাহাবুবের পরিবারের পক্ষ থেকে পুলিশ এক লাখ টাকা নিয়ে তাকে ছাড়িয়ে আনতে যায়। অপহৃত মাহাবুবের উপস্থিতিতে টাকা লেনদেনের সময় পুলিশ চারদিক থেকে ঘিরে শিমুল ও সালাউদ্দিনকে ধরে ফেলে।

এ ঘটনায় মাহাবুরের বাবা শামসুল হক বাদী হয়ে শিমুল ও সালাউদ্দিনের বিরুদ্ধে পুঠিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেছেন বলে জানান পরিদর্শক হাফিজ।