চট্টগ্রাম নিউমার্কেটে ওভার ব্রিজ দখলমুক্ত
চট্টগ্রামের নিউমার্কেট এলাকার ফুটওভার ব্রিজ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বৃহস্পতিবার সিসিসির নির্বাহী বিচারক নাজিয়া শিরিনের নেতৃত্বে সিসিসির ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালায়।
নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুটওভার ব্রিজটি দখল হয়ে গিয়েছিল। সেখান থেকে ভাসমান ১২টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
“ফুটওভার ব্রিজের ওঠানামার পথে বসা কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও সরিয়ে দেয়া হয়েছে। এখন এটি অনেক পরিচ্ছন্ন। মেয়র মহোদয়কে অনুরোধ করেছি ব্রিজটি রঙ করে দিতে।”
নগরীর গুরুত্বপূর্ণ নিউমার্কেট মোড়ের ফুট ওভার ব্রিজটি অধিকাংশ সময় ভ্রাম্যমাণ বিক্রেতাদের দখলে থাকে। সেখানে মাঝে মাঝে ময়লার স্তুপও জমে যায়।
এটি নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত ও উপযুক্ত রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
