প্রাইভেটকারে উঠিয়ে ছিনতাই: ৬ প্রতারক গ্রেপ্তার
দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষকে প্রাইভেটকারে উঠিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- শরিফুল ইসলাম সাগর (৩২), হানিফ ভুঁইয়া (৩৫), এনামুল হক মিন্টু (৪৯), শফিক (৩০), মনিরুজ্জামান ফকির (৩২), ফারুক (৩৮)।
র্যাবের গণমাধ্যম শাখার উপ পরিচালক রুম্মন মাহমুদ জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রুম্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে তারা টঙ্গী, উত্তরা, খিলক্ষেত, শেওড়া, কাকলী, বনানী, জিয়া কলোনি ও বিমানবন্দর এলাকায় মানুষদের যাত্রী হিসেবে প্রাইভেটকারে উঠিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও সঙ্গে মূল্যবান সামগ্রী ছিনতাই করে ফাঁকা জায়গায় নামিয়ে দিত।
“তারা কখনো কখনো যাত্রীদের জিম্মি করে তাদের ডেবিট কার্ডের গোপন নম্বর জেনে নিয়ে এটিএম বুথ থেকে টাকা উঠাত। আবার কখনো যাত্রীদের আত্মীয়-স্বজনদের মোবাইল নম্বর নিয়ে ফোন করে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্টে মুক্তিপণ পাঠাতে বলত। না পেয়ে তারা যাত্রীদের মারধরও করতো।”
এদের মধ্যে সাগর ও হানিফের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে রয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
