২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তার নিজের বিভাগ ভূ-তত্ত্ব ও খনিবিদ্যার এক ছাত্রী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 08:00 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, অভিযোগের প্রাথমিক পর্যালোচনার পর বিভাগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগটি পাওয়ার পর সত্যতা পর্যালোচনা করা হয়েছে। এ নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, গত অক্টোবরের শেষের দিকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে।

ওই শিক্ষক ছাত্রীটিকে একাধিকবার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবে সম্মত হলে বিভাগে ভালো ফলাফলের নিশ্চয়তাসহ শিক্ষক হওয়ার লোভনীয় সুযোগের ব্যাপারে প্রলুব্ধ করার চেষ্টা করেন তিনি।

অভিযোগে বলা হয়, প্রথমদিকে তিনি শিক্ষককে নানাভাবে নিবৃত করার চেষ্টা করেছেন। কিন্তু দিন দিন হয়রানির মাত্রা আরও বেড়ে যাওয়ায় তিনি কমিটি বরাবর লিখিত অভিযোগ দেন।

অধ্যাপক মাহবুবা কানিজ জানান, ছাত্রীর অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে প্রমাণসহ তা ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগীয় সভাপতির কাছে পাঠানো হয়। অভিযোগের অনুলিপি পেয়ে গত ৩০ নভেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভা ডাকা হয়।

“সভায় অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণার তত্ত্ববাধানসহ সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তিনি শুধু ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।”

এ ব্যাপারে অধ্যাপক কামরুল হাসান মজুমদারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।