চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের বৈলগাঁও ইউনিয়নের নয়াদীঘিতে ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আইয়ুব (৫০) বৈলগাঁও এলাকার বাসিন্দা। ওই এলাকায় তার একটি সিএনজি অটোরিকশার গ্যারেজ রয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয়দের বরাত দিয়ে বাঁশখালী থানার এসআই আলী আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইয়ুব মারা যান।
“দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।”
