২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান,  বৃহস্পতিবার বিকালে আগমনী পরিবহনের বগুড়াগামী যাত্রীবাহী বাস নাটোর-বগুড়া মহাসড়কের বড় চৌগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার হারুন উর রশিদ (৩৫) নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস থেকে ২০ যাত্রীকে উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে ছালমা আকতার (৩৫) ও মমতাজ বেগম (২৫) নামে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে আরও রয়েছেন, মাসুদ রানা (২৫),  খুশি খাতুন (১২), অর্পনা খাতুন (১০), কেদারনাথ রায় (২৫), রাশেদা খাতুন(২৫), মোতালেব হোসেন(২৮), মনোয়ারা বেগম (৬৪), আজিজুর রহমান (৭৩) ও রিপা বেগম (২)।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর বাস চালক পালিয়ে যাওয়ায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হবে। লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।