যানজট কমাতে ‘সময়বাতি’র পরীক্ষা, কর্তৃপক্ষের সন্তোষ
যানজট কমাতে রাজধানীর ট্রাফিক সিগন্যালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে লাগানো ‘সময়বাতি’র কার্যকারিতা শাহবাগ পয়েন্টে দুইঘণ্টা পর্যবেক্ষণের পর প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা সিটি কর্পোরেশন।
রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিগন্যালে ‘সময়বাতি’গুলো কেমন কাজ করে- তা পরীক্ষা করে কর্তৃপক্ষ।
এ সময় ওই এলাকা ঘুরে দেখা গেছে, বিকালের পর মিন্টো রোড এলাকায় অন্যান্য দিনের চেয়ে যানজট বেশি। তবে মৎস্যভবনগামী এবং জাদুঘর সংলগ্ন সড়কে অন্যান্য দিনের চেয়ে যানজট কম। সেখানে দীর্ঘ যানজটে কোনও গাড়িকে পড়তে হয়নি।
ট্রাফিকের উপ কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে সংকেত বাতিগুলো যানজট নিরসনে যথেষ্ট কাজ করবে। তবে তারপরও কোথাও কোন সমস্যা হলে তার সংস্কারের ব্যবস্থাও থাকবে।
“ঢাকা সিটি কর্পোরেশন এ বাতিগুলোর কাজ তদারকি করবে। পুলিশ বাতির সংকেত মেনে যানচলাচল নিয়ন্ত্রণ করবেন।”
প্রায় ১৫ কোটি টাকা অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ক্লিন অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ নামের একটি প্রকল্পের আওতায় ঢাকার ৬৫টি ট্রাফিক পয়েন্টে ডিজিটাল ‘সময়বাতি’ লাগানো হয়েছে।
২০১৩ সাল থেকে এ প্রকল্পের কাজ শুরু করেছে। আগামী দুই বছর ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই বাতিগুলোর নিয়ন্ত্রণ পুরো ঢাকা শহরে নিশ্চিত করবে বলে জানিয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তৌহিদ ইবনে আকরাম বলেন, “পুরো ঢাকায় ৭০টি ডিজিটাল টাইমিং বাতি লাগানোর কথা থাকলেও ৬৫ টা পয়েন্টে তা লাগানো হয়েছে। বাকি পাঁচ জায়গায় ফ্লাইওভার তৈরি হয়েছে।”
তিনি জানান, বিভিন্ন এলাকার যান চলাচলের পরিমান, কখন কোন সময়ে কত যান চলে ইত্যাদি গবেষণা চালিয়ে এই ডিজিটাল ‘সময়বাতি’গুলো বসানো হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী সেগুলো সংস্কারের সুযোগ রয়েছে।
প্রয়োজন হলে আরো ৩০টি নতুন পয়েন্টে ‘সময়বাতি’ লাগানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রকৌশলী আকরাম।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সড়কে ভিআইপি চলাচলের সময় বাতিগুলো বন্ধ হয়ে যাবে। তারা সড়ক থেকে চলে গেলে আবারো বাতি কাজ করা শুরু করবে।”
ঢাকাকে যানজটমুক্ত রাখতে এ বাতিগুলোর সংকেত মেনে চলতে নাগরিকদের অনুরোধ করেন তিনি।
এদিকে আগামী একমাস ঢাকার বাকি পয়েন্টগুলোতেও ‘সময়বাতি’র পরীক্ষা চালানো হবে বলে ট্রাফিক ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
