‘খ’ এর ইংরেজির আসন পূরণ করবে ‘ঘ’ এর যোগ্যরা
শর্ত শিথিলের পরেও ইংরেজি বিভাগে ভর্তির জন্য ‘খ’ ইউনিট থেকে মাত্র ১৭ জন যোগ্য শিক্ষার্থী মেলায় ওই বিভাগের বাকি ১৩৩টি আসন ‘ঘ’ ইউনিট থেকে পূরণের কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,ইংরেজিতে ভর্তির জন্য ‘ইলেকটিভ ইংলিশ’ এ ১৫ নম্বর পাওয়ার শর্ত শিথিল করে ন্যূনতম পাশ নম্বর ৮ করা হয়েছে এবং ‘সাধারণ ইংরেজিতে’ ন্যূনতম পাশ নম্বর ২০ থেকে কমিয়ে ১৮ নম্বর করা হয়েছে।
এরপরেও ‘খ’ ইউনিটের মাধ্যমে আসন পূরণ করা না গেলে বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে একই শর্তে ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এবার ইংরেজি বিভাগে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে, যাদের ১২৫ জন ভর্তির কথা ছিল কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট থেকে। বাকি ২৫ জনকে নেয়ার কথা ছিল সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিট থেকে।
শর্ত শিথিলের পরেও ‘খ’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না পাওয়ায় এই ইউনিটের বাকী ১০৮টি আসনসহ মোট ১৩৩টি আসনে ভর্তির জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিট থেকে শিক্ষার্থী ভর্তির কথা বলা হয়েছে, যদিও নতুন শর্তে ওই ইউনিট থেকে ভর্তির যোগ্য শিক্ষার্থীর সংখ্যা জানানো হয়নি।
‘খ’ ইউনিটের বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হলেও ‘ঘ’ ইউনিটের ক্ষেত্রে তা করেনি কর্তৃপক্ষ।
ফাইল ছবি
এবার ইংরেজি বিভাগে ভর্তির জন্য পরীক্ষায় ‘সাধারণ ইংরেজিতে’ ৩০ নম্বরের মধ্যে ২০ এবং ‘ইলেকটিভ ইংলিশে’ ১৫ পাওয়ার শর্ত দেওয়া হয়েছিল।
ওই শর্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র দুজন শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করে, যারা ‘ইলেকটিভ ইংলিশ’-এ ন্যূনতম পাশ নম্বর ১৫ পেয়েছিল।
এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১৭ জন শিক্ষার্থী ইলেকটিভ ইংলিশ-এ উত্তর দেন, যাদের প্রত্যেকে নতুন শর্ত অনুযায়ী ন্যূনতম পাশ নম্বর ৮ পেয়েছেন। ফলে এই ১৭ জনের সবাই ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন।
নতুন শর্তে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ‘ইলেকটিভ ইংলিশ’ ও ‘সাধারণ ইংরেজিতে’ ন্যূনতম পাশ নম্বর কমানো হলেও অন্য সব অংশে আগের মতোই আলাদা আলাদা পাস নম্বর পেতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসিতে ২০০ নম্বরের ইংরেজি পড়ার শর্তও পূরণ করতে হবে।
