হবিগঞ্জে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ৫
হবিগঞ্জে একটি বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
শনিবার সকালে সদর উপজেলার ধুলিয়াখালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচংয়ের সঞ্জব আলীর মেয়ে জেসমিন আক্তার (১৮), মৃত শমর উল্লাহর ছেলে শমসু মিয়া (৪৫), লাখাইয়ের পূর্ব কুল্লা গ্রামের কৃতিশ (৫৫) ও সুজিত দাস (৫৫) এবং চট্টগ্রামের মনির (৫০)।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, সকালে হবিগঞ্জ থেকে একটি বিরতিহীন বাস সিলেটের দিকে যাচ্ছিল। আর টেম্পোটি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে আসছিল।
সকাল সাড়ে ৬টার দিকে ধুলিয়াখাল এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন জন মারা যান।
আহত ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়।
