২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভুঁইয়ায় যুবলীগ নেতার লাশ উদ্ধার

ফেনীর দাগনভুঁইয়া উপজেলায় শনিবার এক যুবলীগ নেতাসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

এরা হলেন পূর্বচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জাকের হোসেন (৩২) ও বারাহিগুনি গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে আবদুর রহমান (৩০)।

আবদুর রহমানের মৃত্যুর ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

দাগনভুঁইয়া থানার ওসি মো. আবুল ফয়সল জানান, দুপুরে আবদুল রহমানের লাশ তার নিজ ঘরে পড়েছিল। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, তার গলায় ফাঁসের দাগ ও শরীরের বিভিন্ন স্থানে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ মৃতের বাবা, মাসহ পরিবারের অন্যদের মৃত্যুর কারণ জানতে চাইলে তারা সঠিক জবাব দিতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য বাবা হেঞ্জু মিয়া, মা রেজিয়া খাতুন, স্ত্রী বিবি কুলসুম, দুই ভাই আবুল কালম ও আবদুল গোফরান লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহলে জানান, গজারিয়া গ্রামের প্রয়াত আবদুল গফুরের ছেলে মো. জাকের হোসেন শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শনিবার বিকালে বাড়ির পাশে একটি মাছের খামারে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

দাগনভুঁইয়া থানার ওসি মো. আবুল ফয়সল জানান, জাকের হোসেন মৃগী রোগী ছিলেন। পনিতে পড়েই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।