Published : 28 Jun 2026, 04:09 PM
জাতীয় সংসদে বাজেট আলোচনায় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কোরআনের একটি আয়াতের নম্বর ভুল বলায় তা সংশোধন করে দিয়েছেন আরেকজন সংসদ সদস্য।
রোববার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সূরা নাজমের উদ্ধৃতি দেন।
হুইপ অপু বলেন, “আল্লাহ কোরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে, যার জন্য সে চেষ্টা করে। আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে।
“আয়াত নম্বর ৫৩ নম্বর, ২৭ নম্বর পারা।”
তার বক্তব্য শেষ হলে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, “আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন সূরা আন নাজমের ৫৩ নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন, বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে ৫৩ নম্বর সূরা আন নাজম ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ল্লাইসা ইনসানাইল্লামা মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়।”
তিনি বলেন, “উনি বলছেন ৫৩ নম্বর আয়াত। আসলে সূরার নম্বর হচ্ছে ৫৩। আয়াত নম্বর হচ্ছে ৩৯।”
এ সময় অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বক্তব্য তো ঠিক আছে নাকি?”
জবাবে ওই সংসদ সদস্য, “বক্তব্য ঠিক আছে। কিন্তু আয়াত নম্বর। কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না।”
পরে হুইপ নুরুদ্দিন অপু সংশোধনকারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই বলে যে তিনি আমাকে ভুলটা ধরিয়ে দিলেন, থ্যাংক ইউ।”