বাংলামোটরে বাসের ধাক্কায় ইডেন ছাত্রী আহত
রাজধানীর বাংলামোটরে বাসের ধাক্কায় ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
আহত শিখা রানী সাহাকে (২৫) স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইডেনের স্নাতকোত্তরের ছাত্রী বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বাংলামোটর সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান প্রথমে ওই ছাত্রীর মৃত্যুর খবর দিলেও পরে তথ্য সংশোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে আমাদের কাছে খবর আসে, ওই নারী মারা গেছেন। কিন্তু পরে জানা যায়, তিনি মারা যাননি। গুরুতর আহত ওই নারীকে প্রথমে বারডেম হাসপাতালে এবং পরে সেখান থেকে স্কয়ার হাসপাতলে নেয়া হযেছে।”
তিনি বলেন, শিখা বান্ধবীদের সঙ্গে দেখা করে বাংলামোটর থেকে ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাংলামোটর ওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি স্টাফ বাসের ধাক্কায় মারাত্মক আহত হন।
তার গ্রামের বাড়ি নাটোরের লালপুরে। বাবার নাম গনেশ কুমার। বর্তমানে উত্তরায় বসবাস করেন শিখা।
তাকে ধাক্কা দেয়া বাস ও এর চালককে আটক করা হয়েছে বলে রমনার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।
