খুলনায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের ধর্মঘট
খুলনায় ফরমালিন পরীক্ষার নামে হয়রানির অভিযোগ তুলে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।
রোববার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষুদ্র ফল ব্যবসায়ী মো. আলমগীর কবীর।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ ফলে ফরমালিন বা ক্ষতিকারক কোনো রাসায়ানিক দ্রব্য ব্যবহার করে না। আমের মুকুল আসার পর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বাগানের মালিকরা সংশ্লিষ্ট এলাকার কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে আম গাছে কীটনাশক স্প্রে করে।
ব্যবসায়ীরা আরো জানান, বৈশাখ মাসের প্রথম দিকে কিছু অসাধু ব্যবসায়ী আম পাকানোর জন্য ক্ষতিক্ষর বিষ ব্যবহার করে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের অজান্তে হয়।
দুয়েকজন অসাধু ব্যবসায়ীর জন্য শত শত ফল ব্যবসায়ী কোনোভাবেই দায়ী নয়।
সংবাদ সম্মেলনে ফরামালিন পরীক্ষাকারী সংস্থাগুলোকে সংশ্লিষ্ট মোকামে গিয়ে ফরমালিন পরীক্ষা করার অনুরোধও জানান ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।
এছাড়া বিদেশ থেকে আমদানিকৃত ফল সংশ্লিষ্ট বন্দরে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার আহ্বান জানান তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফ্ফার গাজীসহ আরো অনেকে।
