২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাবা-ছেলে খুনে তিন জনের যাবজ্জীবন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাবা-ছেলে খুনের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন মামলার অন্য দুই আসামি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মোমিন উল্লাহ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- জসিম উদ্দিন, বিকাশ নাথ ও শফিকুর রহমান। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এ মামলায় খালাস পাওয়া অন্য দুই জন হলেন নিখিল নাথ ও সাধন নাথ।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ওই তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য দুই আসামি খালাস পেয়েছেন।

আদালত সূত্র জানায়,  ২০০৫ সালের ১৮ এপ্রিল লোহাগাড়ার বড় হাতিয়ায় মুদি দোকানি সন্তোষ কুমার নাথ ও তার ছেলে বন্ধন কুমার নাথকে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে চন্দন কুমার নাথ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই বছরের সেপ্টেম্বরে পুলিশ পাঁচ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।

মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ মামলায় রায় ঘোষণা করা হয়।