২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলিতে চার দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিজিবির সাধারণ নিরাপত্তা তল্লাশি বন্ধের দাবিতে বন্দরের ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত রয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

ধর্মঘটের কারণে শনিবার চতুর্থ দিনের মতো বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকে।

তবে চলমান নিরাপত্তা তল্লাশি অব্যাহত থাকবে বলেও বিজিবি জানিয়েছে।

ভারত থেকে আমদাকৃত পণ্যের ম্যানিফেস্টে (পরিমাণ তালিকায়) বিজিবির দিন-ক্ষণ দিয়ে সিল দেয়া ও রেজিস্ট্রার তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত বুধবার (১৪ মে) থেকে হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমাদানি-রপ্তানি বন্ধের ডাক দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকরা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ এপ্রিল থেকে হিলি স্থলবন্দরের প্রবেশ গেটে আমদানি করা পণ্যের ম্যানিফেস্টে বিজিবির পক্ষ থেকে দিন ও সময় দিয়ে সিল দিয়ে রেজিস্ট্রারেরে তালিকাভুক্ত করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, এর ফলে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে সময়ক্ষেপণ হচ্ছে এবং ব্যবসায়ীরা হয়রানির হচ্ছেন।

নিরাপত্তা তল্লাশি বন্ধ না হওয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানান তিনি।

এদিকে বিজিবি ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার ব্যবসায়ীদের অভিযোগ নাকচ করে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবির এই কর্মকাণ্ডে অসাধু ব্যবসায়ীদের তৎপরতার প্রতিবন্ধকতা হতে পারে ভেবে আন্দোলন করা হচ্ছে। বিজিবির নিরাপত্তা তল্লাশি অব্যাহত থাকবে।