‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা নিহত হয়েছেন, যার বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।
কালিগঞ্জ থানার এসআই মহসিন আলী জানান, বুধবার ভোরে কুশলিয়ার ভদ্রখালি হাইস্কুল মাঠের এ ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত আশরাফুল ইসলাম (৪৫) কুশলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।
এসআই মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার লক্ষ্যে জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই মাঠে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও একজনকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
গুলিবিদ্ধ আশরাফুলকে কালিগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- এসআই মহসিন তরফদার এবং চার কনস্টেবল শরিফুল, জব্বার, কামাল হোসেন ও আবদুল আহাদ।
তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
