রেললাইনের পাশে বৃদ্ধা ও যুবকের লাশ
গাজীপুর ও নরসিংদী জেলায় রেললাইনের পাশ থেকে ট্রেনের ধাক্কায় নিহত এক বৃদ্ধা (৭০) ও যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাদের কারো পরিচয় জানা যায়নি।
নরসিংদী রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আদম আলী জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথ পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রেনের ধাক্কায় তাদের মাথা ফেঁটে ও হাত-পা ভেঙ্গে গিয়েছিল।
তাদের মধ্যে গাজীপুরের তুমুলিয়া রেলক্রসিংয়ের পূর্বপাশ থেকে বৃদ্ধার লাশ এবং নরসিংদীর জিনারদি রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের পশ্চিমে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তাদের লাশ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
বৃদ্ধার পরনে হালকা সবুজ রংয়ের শাড়ি এবং যুবকের পরনে প্রিন্টের শার্ট ও কালো ফুল প্যান্ট ছিল।
