‘প্রতিকূলতা অতিক্রমে বন্ধু হোক শিক্ষকরা’
পড়াশোনার বাইরেও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যা থেকে উত্তরণে শিক্ষকদের কাছ থেকে পরামর্শ প্রত্যাশা করেন শিক্ষার্থীরা।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষক সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার শিক্ষার্থীরা এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন।
কেমন শিক্ষক চাও? এমন প্রশ্ন আসতেই শিক্ষকদের সঙ্গে সম্মেলনে অংশ নেয়া কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাঈদ আব্দুল্লাহ বলেন, “শিক্ষকদের কাছ থেকে সর্বাত্মক সহায়তা চাই।”
“আমরা চাই শিক্ষকেরা শুধু ক্লাসে এসে পড়াবেন না। আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। প্রতিকূলতা অতিক্রমে সহায়তা করবেন।”
সাঈদ বলেন, পড়াশোনার বাইরে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো থেকে উত্তরণে শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা পরামর্শ আশা করে।
সম্মেলন কক্ষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা করতালি দিয়ে এই শিক্ষার্থীর বক্তব্যকে সমর্থন জানান।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তাসনিফা নাওয়ার বলেন, “যিনি বিষয়বস্তু ভাল করে বোঝাতে পারবেন আমরা সেরকম শিক্ষকই চাই।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়ার শ্রেণিকক্ষ চালু হওয়ায় মাল্টিমিডিয়ার ক্লাসের প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ বেড়ে গেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার ‘একুশ শতকের শিক্ষক: দক্ষতা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের শিক্ষালাভ করতে হবে। তাই শ্রেণিকক্ষ হতে হবে আনন্দদায়ক।
ভবিষ্যতে শতভাত শিক্ষার্থী পাস করবেন এমন আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, কোনো শিক্ষকই চান না কেউ ফেল করুক। ভবিষ্যতে কেউ ফেল করবে না।
শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদেরই প্রধান নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বর্তমানে সারা দেশে ২০ হাজার ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ করা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ভবিষ্যতে সব শ্রেণিকক্ষেই মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা দেয়া হবে।
সেমিনারে হবিগঞ্জের লামাতাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শর্বানী দত্ত বলেন, শিক্ষকদের শুধু দায়িত্ববান হলেই চলবে না। তাঁদেরকে হতে হবে রুচিশীল ও স্মার্ট। কারণ শিক্ষার্থীরা শিক্ষকদের অনেক বিষয় অনুকরণ করে।
সব ধরনের প্রতিকূলতা পেরিয়েই শিক্ষকদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও মনে করেন তিনি।
এটুআই কর্মসূচির বিশেষজ্ঞ ফারুক আহমেদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পড়েন রাজধানীর নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এ কে এম আই খায়রুল আলম।
পাঠ্যবইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরি করে দেশ সেরা হওয়া ৪২ জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের কয়েকজন তাদের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
শিক্ষা বিষয়ক ডিজিটাল কনটেন্ট তৈরি করে শিক্ষকরা ‘শিক্ষক বতায়নে’ (www.teachers.gov.bd) তা আপলোড করেন। সেখান থেকে সেরা কনটেন্ট নির্মাণকারী ৪২ জন শিক্ষককে নির্বাচিত করা হয়।
সংস্কৃতিক কেন্দ্রে প্রাঙ্গণেই ১৮টি স্টলে শিক্ষা বিষয়ক মাল্টিমিডিয়া উপকরণসহ হাতে তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এই শিক্ষক সম্মেলন হচ্ছে।
বেঞ্চে বসে শিক্ষার্থীদের কথা শুনলেন মন্ত্রী
এদিকে সম্মেলনের অবসরে কক্সবাজার শহরের দুটি ও রামু উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা খুঁটিয়ে খুঁটিয়ে শোনেন শিক্ষামন্ত্রী।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে গিয়েই নাহিদ বলেন, “আমাকে চেন”? সমস্বরে ছাত্রীদের উত্তর, “চিনি, আপনি শিক্ষামন্ত্রী।”
এরপরেই ছাত্রীদের বেঞ্চে বসে মন্ত্রী জানতে চান তাদের সমস্যার কথা। প্রথমে শিক্ষকদের সামনে কোনো ছাত্রী কথা না বলায় শিক্ষকদের শ্রেণিকক্ষের বাইরে যেতে বলেন মন্ত্রী।
“নির্ভয়ে কথা বলো। কেউ তোমাদের কিছু বলবে না।”
এরপরেই এক ছাত্রী বলেন, মাল্টিমিডিয়া ক্লাস আরো বেশি করতে চাই। আরেক ছাত্রী বিজ্ঞানের ব্যবহারিক কাজ যথাযথভাবে না হওয়ার কথা জানান।
এরপর কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন শেষে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে যান নাহিদ। এসময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সমস্যার কথা শোনেন, শিক্ষকদেরও বিভিন্ন পরামর্শ দেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সময় কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমীন মন্ত্রীর সঙ্গে ছিলেন।
