২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চর্যাপদ সম্পূর্ণ মুখস্ত তার

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ’ সম্পূর্ণ মুখস্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জাকেরুল ইসলাম কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 11:57 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সামনে চর্যাপদের কবিতাগুলো পাঠ করে শোনান তিনি।

বিভাগের অধ্যাপক মেহের নিগার বই সামনে রেখে তার ছাত্রের পরিবেশনা পর্যবেক্ষণ করেন।

কায়েস বাংলা বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত। প্রথম বর্ষে শ্রেণিকক্ষে শিক্ষকদের আলোচনা থেকে বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব অনুধাবন করে তা মুখস্ত করার সিদ্ধান্ত নেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

বুদ্ধ সহজিয়াদের রচিত এই দুর্বোধ্য পদগুলো প্রায় পৌনে একঘণ্টা সময় নিয়ে লেখকের নাম ও কবিতার রাগ উল্লেখসহ ধারাবাহিকভাবে পাঠ করেন কায়েস। উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের অনেককেই এসময় বই মেলে রেখে পরিবেশনা পর্যবেক্ষণ করতে দেখা যায়।

প্রধান পর্যবেক্ষক মেহের নিগার বলেন, কায়েসের অধ্যবসায় আর সাধনা দেখে মুগ্ধ তিনি। দুই এক জায়গায় থেমে গেলেও কারো সহযোগিতা ছাড়াই সে আবার আবৃত্তি এগিয়ে নিতে পেরেছে।

অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সহসভাপতি ইসরাফিল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, চর্যাপদ নিয়ে অনেক গবেষণা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু সম্পূর্ণ চর্যাপদ মুখস্ত করার ঘটনা এটাই প্রথম।

কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ক্লাসে শিক্ষকদের আলোচনায় শুনে তিনি এ নিয়ে গভীর অধ্যয়নের সিদ্ধান্ত নেন।

এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে দুই ঘণ্টা সময় নিয়ে অধ্যয়ন করে তা মুখস্ত করেন তিনি। প্রাচীন ভাষার এই কাব্যগ্রন্থ সাধারণ পাঠকের উপযোগী করে অচিরেই একটি বই প্রকাশের ইচ্ছাও আছে তার।

আয়োজকরা জানান, ভাষা গবেষক ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাগারে চর্যাপদের সন্ধান পান। দুর্বোধ্য অক্ষরে লেখা ওই গ্রন্থের ৫১টি পদের পাঠ উদ্ধার করা গেছে।

বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংসদ ছলিম উদ্দীন তরফদার ও কবি মো. আবদুর রশীদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।