জুরাইনে অপহৃত শিশু ফরিদপুর থেকে উদ্ধার
দুই সপ্তাহেরও বেশি সময় আগে ঢাকার জুরাইন থেকে অপহৃত হওয়া এক শিশুকে ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা ও টঙ্গী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, কদমতলী থানা পুলিশ মিজান নামের ছয় বছরের ওই শিশুকে উদ্ধার করেছে।
মিজানকে অপহরণের পিছনে রাহিমা আক্তার রাহী নামে তার বাবার দূর সম্পর্কের এক ফুপাতো বোনের হাত ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় রাহী (২৮) ছাড়াও তার তিন সহযোগী জয় আহমেদ সুজন(২২), মো. শফিকুল ইসলাম(৩৬) ও মো. রফিকুল ইসলাম রাসেলকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, রাহীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে রাসেল ও সুজন প্রায়ই মিজানদের জুরাইনের বাসায় যাতাযাত করতেন।
গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় সুজন তাদের বাসায় গিয়ে মিজানের হাতে ২০ টাকা দিয়ে বলেন- “বাসার নিচে যাও। রাসেল মামা তোমাকে পিস্তল কিনে দেবে।”
এরপর রাসেল ওই শিশুকে নিয়ে টঙ্গী চলে যান। রাহী ও সুজনও পরে টঙ্গী যান। সেখানে আরেক সহযোগী শফিকের সঙ্গে যোগাযোগ করে মিজানকে ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ে যান তারা।
এ ঘটনায় ১৯ এপ্রিল মিজানের মা বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা করেন।
২২ এপ্রিল মিজানের মার কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মিজান বেঁচে আছে তা নিশ্চিত করতে পরদিন পরিবারের কাছে তার শার্ট ও প্যান্ট পাঠায় তারা।
কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “শিশু অপহরণের মামলাটি হওয়ার পর আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। অপহরণকারীরা বিকাশে মুক্তিপণ চেয়েছিল, বারবার মিজানের মাকে মোবাইলে ফোন করছিল।
“আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মিজানকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীদেরও গ্রেপ্তার করি।”
