২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্তা-ইলিশ পাতে নেই, শিক্ষক লাঞ্ছিত

পহেলা বৈশাখে পান্তা-ইলিশের ব্যবস্থা না থাকায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টাকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ছাত্ররা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 07:25 PM

Updated : 25 Apr 2022, 04:03 PM

রোববার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. হাবিবুল্লাহ এ ঘটনার শিকার হন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, দুপুরে ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহর কাছে পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীরা পান্তা ইলিশ খাওয়ার দাবি জানায়।

ড. হাবিবুল্লাহ নির্ধারিত কর্মসূচির বাইরে কিছু করা সম্ভব নয় বললে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানায় তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল নকীব চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টার কক্ষের তালা খুলে দেয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছরের মতো পহেলা বৈশাখে ক্যাম্পাসে খেলাধূলার আয়োজন না করা ও পান্তা ইলিশ না খাওয়ানোর কথা শুনে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

“পরে আমি গিয়ে অন্যান্য শিক্ষকদের সাথে আলাপ আলোচনার পর আগামী বছরে যথারীতি বৈশাখ উৎসব পালনের আশ্বাসে তাকে মুক্ত করা হয়।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান ফোনে জানান, উপাচার্যের সাথে এই ঘটনা নিয়ে একটি বৈঠক করছেন। পরে এ বিষয়ে কথা বলবেন বরে জানান।