দৌলতখান পৌর মেয়র নির্বাচন বর্জন বিএনপিপ্রার্থীর
কেন্দ্র থেকে এজেন্ট বের করে জাল ভোট দেয়ার অভিযোগে ভোলার দৌলতখান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মরিয়ম খানম।
সোমবার বেলা ১১টার দিকে দৌলতখান পৌর এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, তার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল মারা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল না পাওয়ায় তিনি নির্বাচন বর্জন করেছেন।
তিনি বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টা পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়।
তবে, আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী জাকির হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে শুধু রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্ট দেখতে পেয়েছেন।
দৌলতখান পৌরসভার মেয়র আলী আজম মুকুল দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।
দৌলতখান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগের এক জন, বিএনপির দুজন ও নির্দলীয় এক জন।
