সোনাগাজীতে বসতঘর ভস্মীভূত, একজন দগ্ধ
ফেনীর সোনাগাজী উপজেলায় বুধবার আগুনে চারটি বসত ঘর পুড়ে গেছে এবং এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।
দগ্ধ দুলাল মিয়াকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, দুপুরে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের সরাসপুর গ্রামের মিজি বাড়ির হোসেন আহম্মদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দ্রুত আগুন পাশের তিনটি ঘরে ছড়িয়ে পড়লে চারটি আধপাকা বসত ঘর পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, আহত দুলালকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের আবদুল খালেক জানান, আগুনে হোসেন আহম্মদের ঘরের নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
