২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ জেগে উঠেছে: ফখরুল

সরকারের নানা ‘কৌশলের’ পরও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 02:00 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় দলের এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “মানুষ জেগে উঠেছে- উপজেলা নির্বাচনেই তার প্রমাণ। ক্ষমতাসীনরা ভোট কেন্দ্র দখল করে সিল মেরেছে। নানা কলা-কৌশলের পরও উপজেলা নির্বাচনে দেখা গেছে জনসাধারণ একের পর এক স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরাজিত করেছে।”

গত ১৯ ও ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকারের এ নির্বাচনের প্রথম দুই পর্বে ২১০ উপজেলার মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১১৬টি উপজেলায়। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ৭৯ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আগামী ১৫ মার্চ ৮৩ উপজেলা, ২৩ মার্চ ৯৩ উপজেলা এবং পঞ্চম ধাপে ৩১ মার্চ ৭৪ উপজেলায় ভোটগ্রহণ হবে।

কবি মাহমুদুল হাসান নিজামী রচিত ‘আমি আমার বিচার চাই’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি এই আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদের দুই পর্বের অনুষ্ঠিত নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়াকে ধ্বংস করেই সরকার ক্ষান্ত হয়নি। এখন তারা স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনকেও একইভাবে জোর করে দখল করার কৌশল নিয়েছে।”

রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ ও আদালতে হাজিরার পর হাজিরা দিয়ে ব্যস্ত রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংগঠনের নির্বাহী পরিচালক হুমায়রু কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক সাদেক খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, মহানগর নেতা নবী উল্লাহ নবী ও লেখক মাহমুদুল হাসান নিজামী বক্তব্য রাখেন।