গ্রাম পুলিশ খুনের দায়ে ৪ চরমপন্থীর ফাঁসি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক গ্রাম পুলিশকে হত্যার দায়ে চার চরমপন্থীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন ফকিরহাটের মূলঘর গ্রামের শামীম শেখ, আনোয়ার শেখ ওরফে ছুটে, কাকডাঙ্গা গ্রামের রনি সরদার এবং সোনাখালী গ্রামের হবি মোল্লা।
এরা সবাই নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সক্রিয় সদস্য এবং ঘটনার পর থেকে পলাতক বলে মামলার নথি থেকে জানা যায়।
এছাড়া মামলা চলাকালে আসামি ইব্রাহিম শেখের মৃত্যু হওয়ায় তাকে অব্যহতি দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালের ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে ফকিরহাটের মূলঘর গ্রামের প্রয়াত জহির উদ্দিন শেখের ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য শেখ হারুন অর রশিদ (৫৫) কয়েকজন সঙ্গীসহ বাড়ি ফেরার পথে চোখে টর্চের আলো ফেলার অজুহাতে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে।
পরদিন নিহতের ছোটভাই হিরু শেখ বাদী হয়ে ফকিরহাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ১০ জুলাই চরমপন্থী দলের সদস্য ইব্রাহিম, শামীম, আনোয়ার, রনি ও হবিবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় ১৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ মোহম্মদ আলী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু।
