উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে মনোনয়নপত্র পড়েছে সাড়ে ১৫শ’
উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায় তিন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক হাজার ৫৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সে অনুযায়ী শনিবার এসব উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল।
শনিবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৬২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় ৯৮ উপজেলায় ও দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৭ উপজেলায় ভোট হবে।
প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে এক হাজার ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৩২ জন, ভাইস চেয়ারম্যান ৫১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন প্রার্থী রয়েছেন।
দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় এক হাজার ৩৭৬ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর চেয়ারম্যান পদে ৫১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫২১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩৪০ প্রতিদ্বন্দ্বী।
ইতোমধ্যে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ৯২ উপজেলায় আগামী ২৩ মার্চ ভোট হবে। এর আগে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমার সুযোগ রয়েছে।
দেশের ৪৮৭ উপজেলার বাকিগুলোয় আরো দুই ধাপে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির।
ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকারের এ নির্বাচনটি দলীয় প্রতীকে না হওয়া সত্ত্বেও দলীয়ভাবে প্রার্থী সমর্থনে বাধা নেই।
এজন্যে নির্দলীয় নির্বাচন রাজনৈতিক মাত্রা পেয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো একক প্রার্থী বাছাইয়ের চেষ্টাও করছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন ইতোমধ্যে বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করা হলে কোনো ছাড় দেয়া হবে না।
সবাইকে আচরণবিধি অনুসরণের আহ্বানও জানিয়েছেন তিনি।
