কুমিল্লায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় আটকদের মধ্যে দুই তরুণীও রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তল ও দুটি গুলিসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হচ্ছেন- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হাড়িমিয়া গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে বেলাল (২৮), চট্টগ্রাম নগরীর পূর্ব ফিরোজ শাহ এলাকার তাহের হোসেনের ছেলে প্রাইভেট কারের চালক ইমন (৩২), আকবর শাহ এলাকার বিশ্ব কলোনির খোরশেদ আলমের মেয়ে রুবি আক্তার (২২) ও পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বালিহাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে জেরিন আক্তার (১৯)।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
