ছাত্র ইউনিয়নের ৩৬তম সম্মেলন শুরু
ছাত্র আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
‘রুখবো শিক্ষা বৈষম্য, সাম্প্রদায়িক-সাম্রাজ্যবাদী আগ্রাসন, গড়বোই স্বদেশ মুক্তিযুদ্ধের চেতনায়’ স্লোগান নিয়ে এবারের সম্মেলন করছে এই ছাত্র সংগঠন।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিল্পী কাইয়ূম চৌধুরী তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধীন অনুষ্ঠানে তিনি বলেন, “রাজনীতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন না ঘটাতে পারলে তা অপসংস্কৃতিতে পরিণত হয়। বাংলাদেশের রাজনীতি এক কলঙ্কিত অধ্যায় পার করছে।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেই কলঙ্কের কালিমা দূর করতে পারবে।”
সংগঠনের সভাপতি এস এম শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় তাদের শোভাযাত্রা।
এরপর বিকেল সাড়ে ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষকের অংশগ্রহণে আগামী ১৬ ও ১৭
ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্র মিলনায়তনে সংগঠনটির কাউন্সিল হবে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠন ১৯৬২ সালের সামরিক শাসক আউয়ূব বিরোধী আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
