২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর মেঘনায় যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ

নরসিংদীতে নৌভ্রমণে বেরিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মেঘনা নদী থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 03:21 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

নিহত বদিউজ্জামান সাগর (২৬) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাধানগর গ্রামের কুয়েত প্রবাসী মনিরুজ্জামান রুস্তমের ছেলে। মাসখানেক আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো.  আসাদুজ্জামান জানান, বুধবার সকালে সদর উপজেলার করিমপুর গ্রামের কাছে মেঘনা নদীতে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গত রোববার  তিন বন্ধু রাজিব উদ্দিন, পপী ও সুমিকে নিয়ে নরসিংদীর পুরাতন লঞ্চ ঘাট থেকে নৌভ্রমণে বেরিয়ে নিখোঁজ হন সাগর।

পরে সাগরের বন্ধুরা জানান, ওই দিন রাজীব ও সাগর বাউশিয়া এলাকায় নৌকা থামিয়ে গোসল করতে পানিতে নামে। এ সময় রাজিব ডুবে যাচ্ছিল। তখন তাকে বাঁচাতে গিয়ে সাগর তলিয়ে যায়। তখন তারা নরসিংদী সদর থানা পুলিশকে খবর দেয়। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে দুই দিন ধরে তার সন্ধান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

এদিকে লাশ পাওয়ার আগেই সাগরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার তিন বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।

“এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না,” বলেন আসাদুজ্জামান।