পুলিশ হত্যা মামলায় সুন্দরগঞ্জ পৌর মেয়র গ্রেপ্তার
চার পুলিশ হত্যা ও সন্ত্রাসে জড়িত অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির সুন্দরগঞ্জ সদর ও বামনডাঙ্গায় তাণ্ডব চালায়।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে দুর্বৃত্তরা চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। বামনডাঙ্গা রেল স্টেশনের বিভিন্ন কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগ ও রেল লাইন উপরে ফেলে।
একইদিন সুন্দরগঞ্জ থানা আক্রমণ করলে পুলিশের গুলিতে তিন জামায়াত-শিবির কর্মী নিহত হন।
এরপরদিন ‘জামায়াত-শিবিরের’ হামলায় আরো এক জন নিহত হন।
এসব তাণ্ডবে অনেক আওয়ামী লীগ নেতার বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।
এসব ঘটনায় ১৪৭ জনের নাম উল্লেখ করে ৬০ হাজার জনকে আসামি করে ৩২টি মামলা দায়ে করা হয়।
ওসি মোজাম্মেল হোসেন আরো জানান, এসব ঘটনায় দায়ের করা কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্ত সাপেক্ষে পুলিশ হত্যা ও সুন্দরগঞ্জ থানা আক্রমণ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উপজেলা জামায়াতের সাবেক কোষাধ্যক্ষ এই পৌর মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে।
