ফিরে এলো পুরনো সেই দিন, প্রিয় মুখ
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে পেশাগত জীবনের ব্যস্ততায় দেখা নেই ছাত্র জীবনের সবচেয়ে কাছের সেই বন্ধুটির, বিভিন্ন সময়ে আপনজন হয়ে ওঠা ‘বড়’ ভাইয়ের। দীর্ঘকাল পর হঠাৎ দেখায় যেন ফিরে আসে সেই সে দিন-কলাভবনের বারান্দা, ক্লাসরুম ও হলের নানা স্মৃতি।
শুক্রবার টিএসসিতে পুনর্মিলনীতে যোগ দিয়ে এমন অনুভূতিই জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একাধিক সাবেক শিক্ষার্থী।
পড়ন্ত বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) আড্ডা, গান আর স্মৃতিচারণায় যেন ছাত্রজীবনে ‘ফিরে যান’ তারা।
পুনর্মিলনীতে যোগ দিতে দুপুরের পর থেকেই টিএসসিতে হাজির হতে থাকেন বিভাগের নানা সময়ের নানাবয়সী শিক্ষার্থীরা। বন্ধু-বান্ধব খুঁজে আড্ডায় মেতে উঠেন তারা।
বন্ধুদের সঙ্গে আড্ডায় পাওয়া যায় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে। সাধারণ পোশাকে থাকা দেশের পুলিশ প্রধান এক সময় বন্ধু-বান্ধবের এই আড্ডা থেকে উঠে গিয়ে নিজেই কফি নিয়ে আসেন। এরপর একটি গোলটেবিল ঘিরে বন্ধুদের নিয়ে বসে পড়েন তিনি।
আড্ডার ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টিএসসিতে কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে খুব একটা আসতাম না। হলে, বিভাগে আর শহীদ মিয়ার ক্যান্টিনে আমরা আড্ডা দিতাম।
“এখন বিশ্ববিদ্যালয় মানেই টিএসসি। এখানে আসলে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এই প্রোগ্রামে আসলে বিভাগের বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হয়। যাদেরকে সুদীর্ঘকাল দেখার সুযোগ হয় না, বিভাগের এমন অনেক সতীর্থকে এখানে আসলে দেখা যায়।”
ইংরেজি বিভাগের ৭৬ ব্যাচের এই ছাত্রের টেবিলের চারপাশে বৃত্তাকারে বসেন আরো সাত বন্ধু।
সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “প্রাইভেটাইজেন কমিশনের জ্যেষ্ঠ সচিব রোকেয়া সুলতানা, অডিটর জেনারেল মাসুদ আহমেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব, আশরাফুল মকবুলও আমাদের ব্যাচের। তাদেরও আজকে আসার কথা। আমরা তাদের অপেক্ষায় আছি।”
এই কথা বলার মধ্যেই হাসান মাহমুদকে এসে সালাম দেন সাধারণ শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরা ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ।
তাকে উদ্দেশ্য করে পুলিশ প্রধান বলেন, “বন্ধু-বান্ধব কাউকে পাইছো?”
“জ্বি পেয়েছি,” বলেন বেনজীর।
‘ঠিক আছে, আড্ডা দাও,’ শীর্ষ কর্তার এই অনুমতি পেয়ে সোজা বন্ধুদের মাঝে চলে যান মহানগর পুলিশ কমিশনার।
এরপর চেয়ার নিয়ে গোল হয়ে বসে বন্ধুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেন তিনি। দীর্ঘক্ষণ পরেও তাকে একই জায়গায় আড্ডায় পাওয়া যায়।
এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, “ক্যাম্পাসে আসছি। নিজেকে ছাত্র ছাত্র মনে হচ্ছে, যেন সেই জীবনেই ফিরে গিয়েছি।”
স্ত্রী আক্তার জাহান ও তিন ছেলেকে নিয়ে এই পুনর্মিলনীতে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হিরুজ্জামান।
রংপুর কারমাইকেলের সাবেক শিক্ষার্থী আক্তার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী এই বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এই টিএসসিতে আড্ডা দিয়েছে। তাদের অনেক স্মৃতি। আমিও বিভিন্নজনের কাছে এতোদিন টিএসসির কথা কেবল শুনেই এসেছি। আজ এখানে এসে খুবই ভালো লাগছে।”
সম্প্রতি ঢাকায় পোস্টিং পাওয়া হিরুজ্জামানও খুঁজে ফেরেন পরিচিতজনদের। পেয়ে যান এক ব্যাচ সিনিয়র উপসচিব একেএম দিনারুল ইসলামকে, যিনি বর্তমানে লিয়েনে এডিবিতে আছেন।
হিরুজ্জামানের স্ত্রীকে উদ্দেশ্য করে দিনারুল ইসলাম বলেন, “হলে একসঙ্গে পেপার বিছিয়ে আমরা ভাত খেতাম। কতো স্মৃতি অথচ কতো বছর দেখা নাই।”
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা হবে বলে আমরা এই দিনের জন্য চেয়ে থাকি।”
এ সময় হিরুজ্জামান বলেন, “আগে আমি ঢাকার বাইরে ছিলাম। প্রায় সাত থেকে আট বছর পরে এই অনুষ্ঠানে এসেছি। অনেকের সঙ্গেই অনেক দিন দেখা হয় না।”
বিশ্ববিদ্যালয় জীবনের বড় ভাই দিনারুল ইসলামকে দেখিয়ে হিরুজ্জামান বলেন, “স্যারের(বর্তমানে সরকারি চাকরিতে জ্যেষ্ঠ) সঙ্গেই আমার প্রায় ১৫ বছর পরে দেখা হলো। এ এক অসাধারণ অনুভূতি। বিশ্ববিদ্যালয় জীবনে রান্না করতাম, একসঙ্গে খেতাম। দুজনই সরকারি করছি। এরপরও দেখা হয়নি।”
শীতের এই পড়ন্ত বিকেলে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই আড্ডার পাশেই তৈরি হচ্ছিলো শীতের পিঠা, যা রসদ যোগায় আড্ডায়। এছাড়া কফি, আইসক্রিম, ফুচকাসহ নানা খাবারও যেন তারুণ্যের কথাই মনে করিয়ে দেয়।
