সাতক্ষীরায় সংঘর্ষে যুবদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলের ইউনিয়ন পর্যায়ের এক নেতা আহত হয়েছেন।
আহত জিয়ারুল ইসলাম জিয়া (৩৬) সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তিনি দহাখুলা গ্রামের আজিমুদ্দীনের ছেলে।
বুধবার বেলা ১২ টার দিকে রামচন্দ্রপুর মোড়ে এ সংঘর্ষ হয় বলে সদর থানার ওসি এনামুল হক জানান।
তিনি বলেন, বিভিন্ন মামলার আসামি ধরতে ওই এলাকায় অভিযানে গেলে শতাধিক দুষ্কৃতকারী পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ, হাতবোমার বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জিয়ারুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
যুবদল নেতা জিয়ারুলের বিরুদ্ধে একটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি এনামুল।
