পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু
শেরপুর সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে চরশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনায় নিহত মোহাম্মদ মৃণাল (১২) পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার দোছরা ছনকান্দা গ্রামের দিনমজুর আশরাফ আলীর ছেলে।
শেরপুর সদর থানার এসআই কাউছার আলী জানান, বেলা ১টার দিকে ছুটির পর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মোহাম্মদ মৃণাল বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের পাশে গেলে একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারকে সমবেদনা জানান।
